ঢাকাকে বাসযোগ্য করতে ঋণ দেবে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চারপাশের নদীগুলো দখলমুক্ত করতে ‘বিউটিফিকেশন অব ঢাকা’ প্রকল্পে ঋণ দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
আজ রোববার দুপুরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, বিউটিফিকেশন অব ঢাকা নামের একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার, যাতে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। এ প্রকল্পের আওতায় ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথগুলোর নাব্য নিশ্চিত করা হবে। এই প্রকল্পে ঋণ দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক। তার আগে সমীক্ষা চালানো হবে। এরপর কাজ শুরু করবে সংস্থাটি।
তিনি বলেন, ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশকে ৩৭ বিলিয়ন (৩ হাজার ৭০০ কোটি) ডলার ঋণ ও অনুদান দিয়েছে। এর মধ্যে ছাড় হয়েছে প্রায় ২৭ বিলিয়ন (২ হাজার ৭০০ কোটি) ডলার। এ পর্যন্ত সুদ-আসল মিলে আমরা পরিশোধ করেছি ৬ দশমিক ৩৬ বিলিয়ন (৬৩৬ কোটি) ডলার।
বিশ্বব্যাংককে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী আখ্যা দিয়ে তিনি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়া। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে আমাদের লক্ষ্যের কথা বলেছি। এই প্রকল্পের আওতায় ঢাকার চারপাশের নদীগুলোকে দখলমুক্ত করা হবে এবং ঢাকাকে বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।
আরও পড়ুনঃ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু





